নওগাঁর মান্দা উপজেলায় মাত্র ৪৫ দিনের এক নবজাতককে বিষপান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৪ মে) সকালে উপজেলার বান্দাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুটির নাম আয়েশা। সে ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে দোলনায় ঘুম পাড়িয়ে রেখে তার মা পাশের বাড়িতে যান। কিছু সময় পর শিশুর কান্নার শব্দ শুনে তিনি দ্রুত ফিরে এসে শিশুটিকে কোলে নেন। এ সময় শিশুটির মুখে ফেনা এবং তীব্র বিষাক্ত গন্ধ টের পান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা খোরশেদ আলম জানান, এখনো এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com