ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত সুরক্ষা এবং এস আলম গ্রুপের পাচারকৃত অর্থ দেশে ফেরতের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে পটুয়াখালী ইউনিভার্সিটি স্কোয়ারে ‘ইসলামী ব্যাংক গ্রাহক সচেতন নাগরিক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আব্দুস সালাম খান। তিনি বলেন, “ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিরাপদ রাখা এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কোনো স্বার্থান্বেষী মহল যাতে ব্যাংকিং ব্যবস্থাকে অস্থিতিশীল করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে এনে জনগণের স্বার্থ রক্ষা করা প্রয়োজন।”
এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা মোঃ ফারুক হোসেন, মোঃ মাহাদি হাসান, সাবেক ইউপি সদস্য মোঃ বশির উদ্দিন খান, মাওলানা আলামিন ও মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাহকদের আস্থা ধরে রাখতে ব্যাংকের সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ব্যাংক খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং অর্থ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com