রুটি-রুজির সন্ধানে নোয়াখালী গিয়েছিলেন তারা। পরিবারের স্বপ্ন পূরণের আশায় বাড়ি ছেড়েছিলেন কয়েকদিন আগে। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ পথচলা। টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার অন্তত ১৫ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার ভোররাতে কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই বহু শ্রমিক নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের অধিকাংশই নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্র বাটি (ডেবরা), চিকলা ও বলাক্ষেত্র গ্রামের বাসিন্দা। এছাড়া রাজশাহীর তানোর উপজেলার আরও কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছাতেই শুরু হয় স্বজনদের আহাজারি। কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, আবার কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। নিহতদের বাড়িগুলোতে চলছে শোকের মাতম। পুরো মান্দা উপজেলাজুড়ে নেমে এসেছে ভারী নীরবতা।
মান্দা-নওগাঁ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ও অপূরণীয় ক্ষতি। একসঙ্গে এত শ্রমজীবী মানুষের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।”
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও আহতদের চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com