বাগেরহাটের রামপাল উপজেলায় মাদক, চাঁদাবাজি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। সোমবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ওসি শেখ রাজিব আল রশিদের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ১ জন মাদক মামলার আসামি, ১ জন সাজাপ্রাপ্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। এ সময় এক আসামির কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের মতে, সম্প্রতি রামপাল থানা পুলিশ অপরাধ দমনে আরও সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে মাদক কারবারি, চাঁদাবাজ ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে ওসি শেখ রাজিব আল রশিদ বলেন,
“রামপালে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান চলমান থাকবে।”
তিনি আরও বলেন,
“ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না।”
এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের দাবি, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ ও মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
জানা গেছে, বাগেরহাট জেলা পুলিশের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় মাদক ও অপরাধবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রামপাল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
