কুষ্টিয়ায় চার মাস বয়সী এক শিশুকে গড়াই নদীতে ফেলে দেওয়ার পর নিজেও নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। স্থানীয় মাঝিদের তৎপরতায় ওই নারীকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে শিশু সাইফ ওসমান হাদি।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরসংলগ্ন হরিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
শিশুটির বাবা আব্দুল আলীম জানান, তার স্ত্রী সন্তানকে নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর এলাকায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকে ফেরার পথে হরিপুর সেতুর ওপর গিয়ে হঠাৎ করে তিনি শিশুটিকে নদীতে ফেলে দেন এবং পরে নিজেও নদীতে ঝাঁপ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে থাকা কয়েকজন মাঝি ঘটনাটি দেখে দ্রুত উদ্ধার তৎপরতা চালান। তারা নারীটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের দাবি, ওই নারী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে পারিবারিক টানাপোড়েনও চলছিল বলে জানা গেছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে। শিশুটিকে উদ্ধারে স্থানীয় ডুবুরিদের পাশাপাশি বিশেষ ডুবুরি দলও কাজ করছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, উদ্ধার হওয়া নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। শিশুটিকে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com