মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আলীমকে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁর মুক্তির দাবিতে উত্তর পুটাইলসহ বিভিন্ন এলাকার শত শত মানুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
সোমবার (১ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর থানা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা আব্দুল আলীমের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সজীব হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পুটাইল ইউনিয়নে সজীব নামে এক যুবক হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা দাবি করেন, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তারা বলেন, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক, তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানির শিকার হতে না হয়।
বিক্ষোভকারীরা আরও বলেন, সজীব হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে আব্দুল আলীমকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান তারা।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানিকগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সজীব হত্যাকাণ্ডের তদন্ত গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান আছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com