বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পক্ষের স্বজনরা।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আবু মুসা হাওলাদারের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মো. মেহেদী হাসান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আবু মুসা হাওলাদার দীর্ঘদিন ধরে নিজ ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস করে আসছেন। তবে ওই জমির মালিকানা দাবি করে একই এলাকার সালেহ আহম্মদ গাজী ও তার সহযোগীরা বিভিন্ন সময় হয়রানি ও দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩ জুন দুপুরে আবু মুসা হাওলাদার ও তার স্ত্রী বসতবাড়ির ঘেরাবেড়া নির্মাণের কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে গিয়ে বাধা দেয় এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সালমা বেগম, আলম খলিফা ও রাকিবুল ইসলাম খলিফা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।”
উল্লেখ্য, অভিযোগগুলো বাদীপক্ষের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com