বান্দরবান পৌরসদরের বালাঘাটা হাইস্কুল পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ঘরবাড়ির ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালও পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী তপন মল্লিকের বাড়ির গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। এ সময় ফায়ার ভলান্টিয়ার চিফ রুমানা প্রিয়ার নেতৃত্বে ফায়ার ভলান্টিয়ার সদস্যরা এবং উপজেলা আনসার সহকারী কোম্পানি কমান্ডার রিদোয়ান হোসেনের নেতৃত্বে আনসার ভিডিপি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে টিপু সুলতান, জেসমিন আক্তার ও মনোয়ারা বেগমের ঘরসহ মোট ৯টি বসতঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনের কারণে তাদের ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত এবং ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ শুরু করেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com