মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক লাখের বেশি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৪৬/৪-এস এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে পোয়াবন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ দুটি তল্লাশি করে ৯৯ হাজার ৭৮০টি খয়েরি রঙের এবং ১ হাজার ৬১টি সবুজ রঙের ইয়াবাসহ মোট ১ লাখ ৮৪১টি বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com