নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খেলাধুলাকে কেন্দ্র করে জামাল মিয়ার সন্তানের সঙ্গে প্রতিবেশী সুজন মিয়ার সন্তানের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়লে জামাল মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত পক্ষের একজন নারী সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com