মুহাম্মদ সানাউল্লাহ সাকিব, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি এইচবিবি (হেরিংবোন বন্ড) সড়ক প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে ত্রুটি দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে চান্দহর ইউনিয়নের চাকপালপাড়া সড়ক থেকে ইসলামপুর এলাকার আবুলের বাড়ি পর্যন্ত এক হাজার মিটার এইচবিবি সড়ক নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৬ লাখ ১ হাজার ৫৩ টাকা। নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে মেসার্স আরাভ এন্টারপ্রাইজ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বালুর পরিমাণ কম দেওয়া, গাইডওয়াল নির্মাণে প্রয়োজনীয় সিমেন্ট ব্যবহার না করা এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করেই কাজ সম্পন্ন করা হচ্ছে। কাজের শুরু থেকেই তদারকির অভাব থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো কাজ করছে বলেও অভিযোগ তাদের।
স্থানীয় বাসিন্দা কামল উদ্দিন বলেন, “অনেক ইট ভাঙা ও নিম্নমানের। গাইডওয়ালেও পর্যাপ্ত সিমেন্ট দেওয়া হচ্ছে না। এভাবে কাজ করলে সড়কটি দীর্ঘদিন টিকবে না।”
আরেক বাসিন্দা মো. আসিফ বলেন, “সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে অল্প সময়েই সড়ক ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
অভিযোগের বিষয়ে মেসার্স আরাভ এন্টারপ্রাইজের ম্যানেজার আবুল হোসেন বলেন, “সরকারি নির্দেশনা ও প্রকৌশলগত মানদণ্ড অনুসরণ করেই কাজ করা হচ্ছে। কোথাও ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।”
প্রতিষ্ঠানটির মালিক বেপারী মো. কামাল জানান, “বৃষ্টির কারণে কিছু স্থানে বালু ধুয়ে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। তবে কাজ এখনও চলমান রয়েছে। যেকোনো ত্রুটি দ্রুত সংশোধন করা হবে।”
এ বিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণকাজে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং এলাকাবাসী একটি টেকসই সড়ক পায়।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com