বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তনহাদ আহমেদ নীরব (২৫) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনি (কেডিসি) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার অধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
আটক তনহাদ আহমেদ নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে কর্মরত একজন কনস্টেবল বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ বিভাগে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com