
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাসুদ শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ শেখের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে চলন্ত ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালান। গুরুতর আহত অবস্থায় মাসুদ শেখকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।