ভোলায় নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণা, অর্থ-সম্পদ আত্মসাৎ এবং প্রলোভনের মাধ্যমে স্ত্রী-সন্তানকে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সৌদি প্রবাসী নুরে আলম।
মঙ্গলবার (৯ জুন) রাতে ভোলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নুরে আলমের ছোট ভায়রা হাসান ভূঁইয়া। লিখিত বক্তব্যে নুরে আলম দাবি করেন, তিনি বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাই পত্তন এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত।
তিনি অভিযোগ করেন, একই উপজেলার কাচিয়া ইউনিয়নের দালাল বাজার এলাকার নকিব কসাই নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী ও ‘জ্বিনের বাদশা’ পরিচয় দিয়ে তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। একপর্যায়ে তার স্ত্রীর আস্থা অর্জন করে প্রতারণার মাধ্যমে জমি বিক্রির ৩৩ লাখ টাকা, প্রায় সাত ভরি স্বর্ণালংকার এবং বিদেশে উপার্জিত কয়েক বছরের সঞ্চয় আত্মসাৎ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে নুরে আলম আরও অভিযোগ করেন, তার স্ত্রী সাহিদা ও দুই অপ্রাপ্তবয়স্ক কন্যাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তার স্ত্রীকে অভিযুক্ত ব্যক্তি বিয়ে করেছেন বলে এলাকায় প্রচার থাকলেও তাদের মধ্যে কোনো আইনগত বিবাহবিচ্ছেদ হয়নি বলে তিনি দাবি করেন।
এছাড়া তার অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। এসব কর্মকাণ্ডে পরিবার সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান।
নুরে আলম বলেন, স্ত্রী-সন্তানদের ফেরত চাওয়ায় তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, স্ত্রী-সন্তানদের নিরাপদে ফিরিয়ে আনা এবং আত্মসাৎ হওয়া অর্থ-সম্পদ উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নকিব কসাই বা তার সহযোগীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে নুরে আলমের স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উত্থাপিত অভিযোগগুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই ও চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট তদন্ত এবং আদালতের রায়ের ওপর নির্ভরশীল।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com