কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক প্রবেশ করানোর) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসীরা। শুক্রবার ভোরে সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্ত সূত্রে জানা যায়, শেষ রাতের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় একদল মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা এবং স্থানীয় সীমান্তবাসীরা দ্রুত সতর্ক অবস্থান নেন। তাদের যৌথ প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
জানা গেছে, ওই দলে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। বর্তমানে তারা সীমান্তের নো-ম্যানস ল্যান্ড এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, ভোরে ১২ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন বলেন, পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিরা এখনো ভারতীয় সীমান্তের ভেতরেই রয়েছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com