খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৪ জুন) ভোরে দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের বিএল কলেজ রোড এলাকার ওজোপাডিকো বিদ্যুৎ জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা লোকমান হাকিম (৫৫) এবং একই এলাকার আলম শেখ (৫৬)।
স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ চলাকালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে দুই মুসল্লিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন। পরে অন্যান্য মুসল্লি ও স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, লোকমান হাকিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত আলম শেখও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পবিত্র উপাসনালয়ের ভেতরে এ ধরনের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com