
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটি তার সহপাঠীদের সাথে একই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে অভিযুক্ত আলী হোসেনের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ভেজা কাপড় বদলানোর জন্য সে আলী হোসেনের রান্নাঘরে প্রবেশ করে। ওই সময় আলী হোসেনের স্ত্রী সন্তানকে আনতে স্থানীয় একটি মাদ্রাসায় গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত আলী হোসেন শিশুটিকে ফুসলিয়ে নিজের শোয়ার কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনার বিবরণ শুনে থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতায় অভিযুক্ত আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও জবানবন্দি গ্রহণের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ায় রবিবারে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com