
মানবতাবিরোধী অপরাধনানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে
মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে প্রসিকিউশন পক্ষ তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করবে, এরপর শুরু হবে সাক্ষ্যগ্রহণ পর্ব।
প্রসিকিউশন জানায়, গত ৮ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে দেওয়া হয়। ডিফেন্স আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুর কারণে ওই দিন কার্যক্রম স্থগিত করা হয়।
এ মামলায় চারজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।
অন্যদিকে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ মোট ২৪ জন আসামি পলাতক রয়েছেন।
এর আগে ১০ মে ট্রাইব্যুনাল ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। অভিযোগ গঠনের সময় গ্রেপ্তার চার আসামি নিজেদের নির্দোষ দাবি করেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টতা ছিল। মোহাম্মদপুরে গুলিবর্ষণের ঘটনায় ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com