চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে ভোলাহাট বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোলাহাট বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. সোনারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৯৫/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামের একটি আমবাগানে তল্লাশি চালানো হয়।
টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর মিডিয়া সেল জানিয়েছে, উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com