ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আকস্মিক বজ্রপাতে একটি মহিষের মৃত্যু হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারি উমের আলী।
রোববার (১৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের খেরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো খামারি উমের আলীর মহিষটি মাঠে চরছিল। সন্ধ্যার দিকে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় তীব্র বজ্রপাতের আঘাতে মাঠে থাকা মহিষটি ঘটনাস্থলেই মারা যায়।
মহিষটির মৃত্যুতে খামারি উমের আলী দিশেহারা হয়ে পড়েছেন। তিনি জানান, মহিষটি ছিল তার উপার্জনের অন্যতম প্রধান অবলম্বন। আকস্মিক এ ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল জানান, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় মানুষ ও গবাদিপশুকে খোলা মাঠে না রেখে নিরাপদ স্থানে রাখার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা বজ্রপাতজনিত দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com