শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ‘হাইলি ইফেকটিভ এজ অ্যাশিওরেন্স’ (Highly Effective Age Assurance) বা কার্যকর বয়স যাচাই ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীর প্রকৃত বয়স নির্ভুলভাবে যাচাই বা অনুমান করা হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো বয়স যাচাইয়ের জন্য মুখমণ্ডল স্ক্যান, পরিচয়পত্র জমা বা অন্যান্য প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহার করবে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা অফকম (Ofcom) দ্রুত একটি সমীক্ষা পরিচালনা করে বয়স যাচাইয়ের সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্ধারণ করবে।
যুক্তরাজ্যে এর আগেও শিশুদের প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্টে প্রবেশ ঠেকাতে পর্নোগ্রাফি ওয়েবসাইটসহ কিছু অনলাইন প্ল্যাটফর্মে একই ধরনের বয়স যাচাই ব্যবস্থা চালু করা হয়েছে।
সরকার জানিয়েছে, নতুন এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং এক্স (সাবেক টুইটার)। তবে ব্যক্তিগত যোগাযোগের অ্যাপ হিসেবে ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “আমাদের শিশুদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। সম্পূর্ণ নিষেধাজ্ঞাই এ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত।”
বিশ্লেষকদের মতে, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং, অনলাইন আসক্তি এবং ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষায় যুক্তরাজ্য সরকারের এই পদক্ষেপ বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com