ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. সাজেদুল হাসানের নির্ধারিত অফিস সময়ে অনুপস্থিতি এবং তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে দৈনিক নববাণীর জেলা প্রতিনিধি শেখ জুনায়েদ ও সদর প্রতিনিধি ত্রিদীপ দেবনাথ দীপ্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে যান। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কার্যালয়ে উপ-পরিচালককে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।
সাংবাদিকদের দাবি, কার্যালয়ে উপস্থিত হিসাবরক্ষক (অ্যাকাউন্ট অফিসার) আশিক তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং “আপনারা কোন টিভির সাংবাদিক?” বলে জানতে চান। এ সময় সাংবাদিকরা নিজেদের পত্রিকা প্রতিনিধি হিসেবে পরিচয় দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এক পর্যায়ে ডিডির অবস্থান জানতে চাইলে হিসাবরক্ষক আশিক জানান, তিনি অভিযানে রয়েছেন। তবে পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ডিডি মো. সাজেদুল হাসান সাংবাদিকদের জানান, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় আছেন এবং ৩০ মিনিটের মধ্যে অফিসে ফিরবেন।
সাংবাদিকদের পক্ষ থেকে দাবি করা হয়, জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করলে সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো সভা নেই বলে জানানো হয়। পরবর্তীতে ডিডি আবার জানান যে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কক্ষে রয়েছেন। তবে সেখানেও দীর্ঘ সময় তাকে পাওয়া যায়নি এবং তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে কার্যালয়ে উপস্থিত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্যপদ ও স্থানীয় পরিচয় সম্পর্কে প্রশ্ন তোলেন, যা সাংবাদিকরা হেনস্তামূলক আচরণ হিসেবে উল্লেখ করেছেন।
অবশেষে প্রায় ৫০ মিনিট পর উপ-পরিচালক মো. সাজেদুল হাসান সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নিজের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের অফিসের স্টাফদের এমন আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক।”
ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সাংবাদিকদের দাবি, সরকারি দপ্তরে তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ও পেশাদার আচরণ প্রত্যাশিত।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com