
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ম্যাচকে সামনে রেখে আবেগঘন ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস সিনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ছেলে ও ব্রাজিল দলের জন্য শুভকামনা জানান।
পায়ের পেশির (কাফ) চোট কাটিয়ে দীর্ঘ অপেক্ষার পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপে নিজের প্রথম উপস্থিতি ঘটতে পারে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের। এ সম্ভাবনায় উচ্ছ্বসিত তার পরিবার ও সমর্থকেরা।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নেইমারের বাবা লিখেছেন, “সৃষ্টিকর্তা আমাদের এত দূর সাহায্য করেছেন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। আমরা সবাই একসঙ্গে এই মুহূর্তের সাক্ষী হব। শুভকামনা বাবা, শুভকামনা ব্রাজিল। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন এবং রক্ষা করুন।”
পোস্টটির সঙ্গে প্রকাশ করা হয় একটি ভিডিও, যেখানে নেইমারের ক্যারিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভিডিওতে প্রতিকূলতা জয় করার বার্তাসংবলিত একটি গান ব্যবহার করা হয়। পাশাপাশি ন্যারেশনে শোনা যায় অনুপ্রেরণামূলক একটি আহ্বান—“তাই দৌড়াও হে মানুষ, দৌড়াও। এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন।”
বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিল শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নেইমারের শারীরিক অবস্থা। কাফ ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।
তবে সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গত কয়েক দিন ধরে তিনি দলের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন। গণমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলন সেশনেও তাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে।
স্কটল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, “সে প্রস্তুত। পুরো সপ্তাহ খুব ভালো অনুশীলন করেছে।” কোচের এই মন্তব্যে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা একটাই—স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের মঞ্চে অবশেষে দেখা মিলবে কি না ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com