পঞ্চগড় সদর উপজেলার একটি চা-বাগানে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তাস, নগদ টাকা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. আসাদুজ্জামান, এসআই মানিক মিয়া, এসআই মো. শফিউর, এএসআই মো. জাহিদুল, এএসআই মো. রহমত, কনস্টেবল রাসেলসহ পুলিশের একটি দল অংশ নেয়।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার ৯ নম্বর মাগুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাহাজীপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন একটি চা-বাগানের ফাঁকা স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হকিকুল ইসলাম (২৭), মো. মোকসেদ আলী ওরফে মোরশেদ (৩২) এবং মো. আশরাফুল ইসলাম (৩৩)। তাদের সবার বাড়ি পঞ্চগড় সদর উপজেলায়।
অভিযানের সময় বাবু, শুকুরু, হৃদয়, রুবেল ও আবুল নামে আরও পাঁচজন পালিয়ে যান বলে জানায় পুলিশ।
ঘটনাস্থল থেকে দুই প্যাকেট তাস (মোট ১০৪টি), নগদ ৮৬০ টাকা, চার জোড়া বিভিন্ন ব্র্যান্ডের স্যান্ডেল, একটি পুরোনো কালো রঙের ব্যাটারি এবং একটি পলিথিন জব্দ করা হয়।
পুলিশের দাবি, আটক ও পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন স্থানে জুয়ার আসর পরিচালনা করে আসছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইন-এর ১৫, ১৯(১) ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, “জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com