
দীর্ঘ ৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরে গেছেন দিরাই থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান আলী সাহেব। তাঁর দীর্ঘদিনের দ্বীনি খেদমত, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজকল্যাণমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সংবর্ধনা দিয়েছে দিরাই সমাজসেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২ জুলাই) দিরাইয়ের জালাল সিটি সেন্টার কনফারেন্স হলে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি দেবাশীষ দাস দেবল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম জিলানী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুব উদ্দিন চৌধুরী, সাহেবজাদা রাজাপুরি, দিরাই জামেয়ার শিক্ষক ক্বারী ইলিয়াস আলী, বিশিষ্ট সমাজসেবক মুসলেহ উদ্দিন, হাজী আব্দুল কাদির, চান্ডিপুর মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা নুরুলদীন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম খান, উপজেলা উলামা দলের নেতা মো. আতর আলী, সৌদি আরব প্রবাসী মো. আকাশ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাওলানা হাসান আলী একজন আদর্শ ইমাম, দক্ষ খতিব ও সৎ সমাজ গঠনে নিবেদিতপ্রাণ আলেম। তিনি দীর্ঘ কর্মজীবনে ধর্মীয় শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
অনুষ্ঠানে দিরাই সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাওলানা হাসান আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সৌদি আরব প্রবাসী মো. আকাশ মিয়াকেও সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ করে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মাওলানা হাসান আলী দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও দিরাইবাসীর সুখ-সমৃদ্ধি, শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com