ঢাকার ধামরাইয়ে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ী ভাইকে অপহরণ, মারধর এবং নগদ অর্থ ও মোবাইল ফোন লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন রাতে ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান ও তার ছোট ভাই সিয়াম খন্দকার ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় একটি সাদা নোয়া মাইক্রোবাসে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে হাত-পা ও চোখ বেঁধে মারধর করে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬২ হাজার ২১০ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে গভীর রাতে মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে চলন্ত গাড়ি থেকে দুই ভাইকে ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা ধামরাই থানায় মামলা দায়ের করলে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদার নেতৃত্বে তদন্ত শুরু হয়।
তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রের অবস্থান শনাক্ত করে গত ৭ জুলাই রাতে গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে সাঈদ আল হাসান শাকিল, মো. সবুজ ওরফে সাগর, মো. জুয়েল হাওলাদার জাহিদুল এবং মো. মোশারফ আলীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে চক্রটির পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com