দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইনের শিকার হওয়া শিশুসহ চার ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার বিকেলে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়। এ সময় রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনামসজিদ ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিজিবি এবং সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে অবস্থান শেষে নিজ দেশে ফিরে যেতে পেরে চার ভারতীয় নাগরিক উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। ফেরত যাওয়া চারজনের মধ্যে একজন শিশু, একজন কিশোর, একজন নারী ও একজন যুবক রয়েছেন। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়।
জানা যায়, গত বছরের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই চারজনসহ মোট ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ৫ ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বাকি চারজন বিভিন্ন আইনি জটিলতা এবং ভারতীয় কর্তৃপক্ষের প্রক্রিয়াগত বিলম্বের কারণে আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে একজন জিম্মাদারের তত্ত্বাবধানে সাত মাসেরও বেশি সময় অবস্থান করেন।
পুশ-ইনের ঘটনার পর গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে তারা প্রায় তিন মাস কারাভোগ করেন। প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com