প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ৭:০৯ পি.এম
সুনামগঞ্জে সংঘর্ষের প্রস্তুতিকালে ৬ জন আটক

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ। রোববার (১২ জুলাই) আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সম্ভাব্য সহিংসতা এড়াতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় উভয় পক্ষের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান করছেন। পরিস্থিতি যেকোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে এমন আশঙ্কায় অভিযান চালিয়ে হোসেন আহমদ (৬০), আলী আহমদ (৪৮), জাহাঙ্গীর আলম (৩০), সুমন আহমদ (৩৫), ইয়াছিন তালুকদার (৩৫) এবং আরমান হোসেন সাগর (২০)কে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার দেখানো হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি বা পক্ষ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। সামাজিক, পারিবারিক বা জমিজমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আইনগতভাবে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। কেউ যদি সংঘর্ষ বা সহিংসতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com