ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি বসতবাড়ির সিঁড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২-৩ দিন বয়সী শিশুটিকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের ফাইজুল ইসলামের ‘মাদারী বাড়িতে’ এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা বাড়িটির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতে নবজাতকটিকে রেখে চলে যায়। সকালে পরিবারের সদস্যরা শিশুর কান্নার শব্দ শুনে সিঁড়িতে গিয়ে তাকে উদ্ধার করেন এবং প্রাথমিক পরিচর্যা দেন।
নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে ও দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করে অনেক মানুষ সেখানে ভিড় করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান, নবজাতকটি বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছে। তার পরিচয় শনাক্ত, চিকিৎসা এবং আইনগত অভিভাবকত্ব (দত্তক) সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, শিশুটির প্রকৃত পরিচয় বা পরিবারের সন্ধান না পাওয়া গেলে প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের যোগ্যতা যাচাই-বাছাই করে উপযুক্ত দম্পতির কাছে তাকে দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, নবজাতকটি বর্তমানে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেউ আইনগতভাবে শিশুটিকে দত্তক নিতে চাইলে তাকে সমাজসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, শিশুটির সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বোর্ড সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com