নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট জিপ জব্দ করা হয়।
বুধবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালায় পুলিশ। অভিযানে ঢাকা মেট্রো-ঘ-১১-৮০৩৭ নম্বরের একটি কালো রঙের কিয়া হার্ড জিপ আটক করা হয়।
পরে গাড়িটি তল্লাশি করে পিছনের ডান পাশের দরজার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০টি করে নীল রঙের পলিব্যাগ এবং প্রতিটি পলিব্যাগে ১৯৬টি করে ইয়াবা ট্যাবলেট ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৮০ হাজার ৩৬০টি ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকা।
গ্রেপ্তাররা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমনি হেতালিয়া পাড়া এলাকার বাসিন্দা মো. পারভেজ (৪২) ও মো. বিপ্লব (৪৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে বেগমগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com