মোহাম্মদ শাহিন মিয়া
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস আবারও নতুন উদ্ভাবন নিয়ে আলোচনায় এসেছেন। নিজস্ব প্রযুক্তিতে উড়োজাহাজ তৈরির পর এবার তিনি তৈরি করেছেন একটি দেশীয় প্রযুক্তির আধুনিক ‘এয়ারবোট’ (উভচর নৌকা), যা পানি ও কাদাময় উভয় পরিবেশেই চলতে সক্ষম।
শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাটঘর গ্রামের এই উদ্ভাবকের নতুন সৃষ্টি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। স্থানীয়দের মতে, প্রাতিষ্ঠানিক উচ্চ প্রযুক্তি শিক্ষা না থাকলেও নিজের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে নতুন নতুন উদ্ভাবন করে চলেছেন।
জানা যায়, বাজার থেকে সংগ্রহ করা লোহা, স্টিলের শিট, শক্তিশালী ফ্যান, মোটর এবং বিভিন্ন বাতিল যন্ত্রাংশ ব্যবহার করে তিনি এয়ারবোটটি তৈরি করেছেন। এটি দ্রুতগতিতে চলতে সক্ষম এবং বন্যাকবলিত ও দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে স্থানীয়দের ধারণা।
উদ্ভাবক জুলহাস বলেন, “আকাশে বিমান ওড়ানোর অভিজ্ঞতা থেকেই এয়ারবোট তৈরির অনুপ্রেরণা পেয়েছি। দেশের নদী ও হাওর অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করার লক্ষ্যেই এটি তৈরি করেছি।”
এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহলের দাবি, জুলহাসের মতো তৃণমূলের উদ্ভাবকদের প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হলে তারা আন্তর্জাতিক পরিসরেও দেশের সুনাম বয়ে আনতে সক্ষম হবেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com