নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) যৌথ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন—সহকারী শিক্ষক (গণিত) জিয়াউর রহমান (জিয়া) এবং সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) মো. মাহফুজুর রহমান (উজ্জ্বল)।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই দুই শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে জানা যায়, একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে তারা বর্তমানে কারাগারে রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালার প্রযোজ্য বিধান অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে প্রচলিত বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা (অর্ধেক বেতন-ভাতা) প্রাপ্য হবেন। মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। মামলার বিচারাধীন বিষয় হওয়ায় অভিযোগের সত্যতা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com