
মাগুরার শ্রীপুর উপজেলায় ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রী হত্যার মামলায় হাসান শেখ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হাসান শেখ (৩২) শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ মার্চ ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পর বাড়ির পাশের কুমার নদীর ধারে নিজেদের রসুনখেতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন নদীর তীরবর্তী একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থীকে ওড়না দিয়ে শ্বাসরোধের পর ধারালো ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শ্রীপুর থানায় মামলা করা হয়।
পুলিশের দীর্ঘ তদন্তে এ ঘটনায় হাসান শেখের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ প্রায় চার বছর পর সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর নিহত শিক্ষার্থীর মা সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, সাক্ষ্য-প্রমাণ, তদন্ত প্রতিবেদন ও অন্যান্য আলামতের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
তবে আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন বাবলু জানিয়েছেন, তারা এ রায়ে সন্তুষ্ট নন। পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com