পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (নাম পরিবর্তিত নয়) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর গ্রামের লিবিয়া প্রবাসী বাদশার স্ত্রী আসমানী আক্তারের সঙ্গে একই গ্রামের আলিফের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। সোমবার রাতে তাদের মধ্যে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় বলে স্থানীয়রা দাবি করেছেন।
মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা আসমানী আক্তারের ঘরের ভেতরে আলিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আলিফ একই গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদঘাটনে প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com