নেত্রকোনার কলমাকান্দায় টাকার বিনিময়ে এক রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট তৈরিতে সহায়তা করার অভিযোগে আউটসোর্সিংয়ে কর্মরত তিন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার তাদের অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
চাকরিচ্যুতরা হলেন—ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া ও আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরা।
জানা গেছে, গত জানুয়ারিতে জালিয়াতির বিষয়ে সংবাদ প্রকাশের পর নির্বাচন কমিশন তদন্তের নির্দেশ দেয়। ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, চাকরিচ্যুত তিনজন নির্বাচন কমিশনের স্থায়ী কর্মচারী নন; তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চুক্তিভিত্তিক কর্মরত ছিলেন। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে চাকরিচ্যুতির খবর প্রকাশের পর ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়ার বিরুদ্ধে দৈনিক কালের কণ্ঠ–এর জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com