প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:১৩ পি.এম
দুই শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, কিশোর আটক
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দুই শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে ইয়াসিন (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ইয়াসিন একই গ্রামের চেগা আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ৫ বছর বয়সী দুই শিশুকে জোরপূর্বক আটকে রাখা হয়। অভিযোগ রয়েছে, তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং সিগারেটের আগুন দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া হয়।
আজ সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত ইয়াসিনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এলাকাবাসীর দাবি, ইয়াসিন এর আগেও চুরি, ছিনতাই ও মাদকসেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।