সাতক্ষীরার কালীগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে শুকর আলী (শোকর আলী) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শুকর আলী ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, মহিষকুড় গ্রামের মোবারক আলীর ছেলে মতিউর রহমানের সঙ্গে শুকর আলীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে একটি পরিবারকে প্রাচীর দিয়ে অবরুদ্ধ রাখার অভিযোগে মতিউর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিলন সাহার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় সরকারি জায়গার ওপর নির্মিত প্রাচীর অপসারণের কাজে শুকর আলী বাধা দেন।
পরে ভ্রাম্যমাণ আদালতে তিনি অপরাধ স্বীকার করলে ২০২৩ সালের প্রযোজ্য আইনের ১১ ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খান।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com