সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর নির্বাচনী এলাকা শ্যামনগরসহ আশপাশের বিভিন্ন স্থানে স্থানীয়দের একাংশের মধ্যে মিষ্টি বিতরণ ও আনন্দ প্রকাশের ঘটনা দেখা গেছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সংবেদনশীল ভিডিও এবং সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত সাংগঠনিক তদন্ত কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে আনীত নৈতিক পদস্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দলের সব স্তরের পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, বহিষ্কারের খবর প্রকাশের পর সাতক্ষীরা-৪ আসনের বিভিন্ন এলাকায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। শ্যামনগরের কয়েকটি স্থানে কিছু এলাকাবাসী মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।
স্থানীয় কয়েকজন সামাজিক ও রাজনৈতিক নেতা এবং সচেতন নাগরিকের দাবি, নৈতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ কোনো ব্যক্তি জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার নৈতিক অধিকার রাখেন না। তারা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে দ্রুত উপনির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা বা উপনির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com