বাগেরহাটের রামপাল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস-নৈরাজ্য দমনে পরিচালিত ‘ডেভিল হান্ট’ বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম (৪০)কে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম উপজেলার গৌরম্ভ ইউনিয়নের শ্রীরম্ভা গ্রামের মৃত আফতাব উদ্দিন গাজীর ছেলে এবং রামপাল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে গৌরম্ভা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রামপাল থানায় নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ জানান, সরকার ঘোষিত ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, রামপাল উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারী বা অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয়দের একাংশ মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানকে স্বাগত জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com