কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৪টি ভারতীয় গরুসহ ৫ জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) ভোররাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু, ভারতীয় সিমকার্ড ও চোরাই মোবাইল ফোনসহ ৫ জনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া গরুগুলোর শরীরে কাঁটাতারের আঘাতের চিহ্ন ও খুরে ক্ষত পাওয়া গেছে। পুলিশের ধারণা, সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে গরুগুলো বাংলাদেশে আনা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভারতীয় সীমান্ত থেকে দুধকুমার নদীপথে গরু বাংলাদেশে এনে সীমান্তবর্তী এলাকায় মজুত করা হতো। পরে দেশি গরু হিসেবে বিভিন্ন হাটে বিক্রি করা হতো। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি স্থানীয় খামারিরাও ক্ষতির মুখে পড়ছেন।
পুলিশ আরও জানায়, সীমান্ত এলাকায় বাংলাদেশি মোবাইল নেটওয়ার্ক দুর্বল হওয়ায় চোরাকারবারিরা ভারতীয় সিম ব্যবহার করে যোগাযোগ করে। শিলখুড়ি ও তিলাই ইউনিয়নে বিপুলসংখ্যক ভারতীয় সিম ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তবর্তী এলাকার একটি অংশ দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে জড়িত। পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে চোরাচালান সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের সামাজিক পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com