
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা প্রকাশ্যে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি এক মণ দুধ দিয়ে গোসল করে নিজের সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন ওই গ্রামের বাসিন্দা এবং নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মো. মুনসুর সরদারের ছেলে।
স্থানীয়দের দাবি, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত ভিডিও বিতর্কের পর ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে দেলোয়ার হোসেন দলীয় রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই এলাকাবাসীর উপস্থিতিতে তিনি এক মণ দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে জামায়াতের রাজনীতি ত্যাগের ঘোষণা দেন।
দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। একজন কর্মী হিসেবে তিনি পরিস্থিতি মেনে নিতে পারেননি। তাই বিবেকের তাড়নায় জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের সক্রিয় কর্মী ও দায়িত্বশীল নেতা হিসেবে কাজ করেছেন। তাদের মতে, সাম্প্রতিক অভিযোগ ও বিতর্কের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দেলোয়ার হোসেন ওয়ার্ড কমিটির একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলতে পারেননি।
উল্লেখ্য, গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক ভিডিও বিতর্কের পর সাতক্ষীরা জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নূরনগরের এই ঘটনাও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com