
পাবনার সাঁথিয়া পৌর এলাকার একটি মসজিদে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতিতে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। একপর্যায়ে মসজিদের ভেতরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের আগে সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এর আগে গত শুক্রবারও ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ওই মসজিদে জুমার নামাজ পড়াতে চেয়েছিলেন। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। পরে শুক্রবার তিনি আবার মসজিদে গেলে খুতবা শুরুর সময় কয়েকজন আপত্তি জানান। এ নিয়ে মসজিদের ভেতরে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আগে থেকেই মোতায়েন থাকা পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন। পরে মসজিদের নির্ধারিত ইমামের নেতৃত্বে জুমার নামাজ সম্পন্ন হয়।
সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. করিম অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এমপি লোকজন নিয়ে মসজিদে এসে ইমামতি করতে চেয়েছেন। তার দাবি, এমপি বক্তব্য দেওয়ার পর খুতবা ও নামাজ পড়ানোর ঘোষণা দিলে স্থানীয়রা আপত্তি জানান এবং পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অন্যদিকে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ক্ষমতা প্রদর্শনের জন্য নয়, স্থানীয় মুসল্লিদের অনুরোধে মসজিদে গিয়েছিলেন। তার দাবি, বিএনপি নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায় মসজিদ এলাকায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। মসজিদের ভেতরে কথা কাটাকাটি ও হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com