শেরপুরের নকলা উপজেলার কায়দা গ্রামে প্রশাসনের তাৎক্ষণিক অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বাল্যবিবাহের অভিযোগ পেয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে কনের বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়।
প্রশাসন জানায়, জালালপুর মন্ডলপাড়া গ্রামের মো. আসিফের সঙ্গে কায়দা গ্রামের মোছা. মুন্নি আক্তারের বিয়ের আয়োজন চলছিল। শনিবার বরের বাড়িতে ভোজের আয়োজন থাকলেও তার আগেই কনের বাড়িতে বিয়ে সম্পন্নের প্রস্তুতি চলাকালে অভিযান পরিচালনা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবা মো. মাহিরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
অভিযানকালে নকলা থানা পুলিশের সদস্য, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনার তথ্য পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিভাবকদের সন্তানদের আইনসম্মত বয়সের আগে বিয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com