
স্টাফ রিপোর্টার
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ ডিসেম্বর) দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, আচরণবিধি ভঙ্গের দায়ে এই জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। এ সময় সাতকানিয়ার বটতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাকে শুনানি শেষে জরিমানা করেন। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এ অর্থদণ্ড দেয়া হয়।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, এ ঘটনায় মন্তব্য জানতে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com