ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর এলাকায় শনিবার (২৫ জুলাই) সকালে ভয়াবহ শৃঙ্খল সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটিতে মূল সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে কেন্দ্র করে চারটি যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকল বাসটির কারণে একটি প্রাইভেটকার জরুরি ব্রেক করলে তার পেছনে একটি কাভার্ডভ্যান ও দুটি মোটরসাইকেল থেমে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘স্বাধীনতা পরিবহন’-এর একটি লোকাল মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী আবাস সাহা ও সুজয় সাহা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়। নিহত আবাস সাহা মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং সাভারের ডেন্ডাবর এলাকার বাসিন্দা। সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় এলাকার এইচএসসি পরীক্ষার্থী। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
খবর পেয়ে ধামরাই থানা ও সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মূল লেনে বিকল বাসটি কোনো সতর্ক সংকেত ছাড়াই দাঁড়িয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com