প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:৫৪ পি.এম
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্যের সব কর্মসূচি থেকে বিরত থাকবে। তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ভবিষ্যতে বৃহত্তর ঐক্যের প্রয়োজন দেখা দিলে বিষয়টি বিবেচনা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেই সমঝোতার কার্যকারিতা শেষ হয়ে গেছে। এরপরও কিছু কর্মসূচিতে অংশ নিলেও এখন থেকে জোটের সব কার্যক্রম থেকে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় দল ও নেতাদের নাম ব্যবহার না করতে। পরে রংপুরের একটি সমাবেশে তাদের নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়।
জোট ত্যাগের বিষয়ে দলের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, জাতীয় নির্বাচনের সময় ১১ দলের সঙ্গে একটি সমঝোতা ছিল এবং নির্বাচন-পরবর্তী সময়ে কিছু কর্মসূচিতেও তারা অংশ নিয়েছিলেন। তবে দীর্ঘদিন ধরেই দলটি জোটের কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছে না। বর্তমানে সেই সমঝোতা আর কার্যকর নেই এবং ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন কোনো বৃহত্তর ঐক্যের বিষয় বিবেচনা করা হবে।
সম্প্রতি কওমি ঘরানার ইসলামি দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে খেলাফত আন্দোলনও আনুষ্ঠানিকভাবে ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। তবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো জামায়াত নেতৃত্বাধীন ওই জোটে রয়েছে।