‘জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উপজেলা শাখার কমিটি অনুমোদন, আইডি কার্ড বিতরণ এবং মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৩টায় ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ও সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী নবগঠিত কমিটির সদস্যদের আইডি কার্ড পরিয়ে দিয়ে ফুলপুর উপজেলা শাখার কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফুলপুর উপজেলা আহ্বায়ক কমিটির সভাপতি মো. ফয়জুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য মুফতী মুহাম্মাদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর মো. আবদুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মুনির, সহ-সভাপতি মো. মানিক হোসেন বিজয় এবং গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো. মানিক মিয়া।
এছাড়া বক্তব্য রাখেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন মাস্টার এবং উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মতিউর রহমান শেখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এ থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com