
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদের পর মানসিক কষ্টে তুলা রাম (৩৯) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুলা রাম ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় তিনি পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুই নামে এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার আগে তিনি ফেসবুক লাইভে এসে সবার কাছে ক্ষমা চান। পরে গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী চলে যাওয়ার কষ্ট বা অভিমানে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ইউপি সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com