সীমান্ত এলাকায় বেকারত্ব দূরীকরণ, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং স্বাবলম্বী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। এ উদ্যোগের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকার শতাধিক শিক্ষিত বেকার যুবক-যুবতীকে চার মাসব্যাপী কম্পিউটার (গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজিবি জানায়, আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের শতাধিক প্রশিক্ষণার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া যুবক-যুবতীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের দক্ষতা অর্জনের সুযোগ তাদের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমান বলেন, প্রশিক্ষণার্থীরা সফলভাবে কোর্স সম্পন্ন করলে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বিজিবির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সীমান্ত এলাকার শিক্ষিত বেকারদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের এ উদ্যোগ প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৬ সপ্তাহব্যাপী এ নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী জনপদের শিক্ষিত বেকার নারী-পুরুষদের দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com