প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৬, ১১:০০ পি.এম
কুড়িগ্রামবাসীর প্রশ্ন—আমাদের হাসপাতালের উন্নয়ন কবে?

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবগঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম গুরুত্বপূর্ণ সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, রোগীদের হয়রানি প্রতিরোধ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন এবং হাসপাতালের সার্বিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। এ উদ্যোগ উত্তরাঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল এমপি।
সভা শেষে মন্ত্রী ও সহ-সভাপতি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ এবং চিকিৎসাসেবার কার্যক্রম পরিদর্শন করেন। তারা রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে রোগীবান্ধব ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
রংপুর মেডিকেলের এই ইতিবাচক উদ্যোগের পর কুড়িগ্রামবাসীর মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে—কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল কবে পাবে এমন উন্নয়ন?
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালটি বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট, আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব, অপারেশন থিয়েটারের সীমাবদ্ধতা এবং নানা অব্যবস্থাপনার মধ্যে সেবা দিয়ে আসছে। ফলে উন্নত চিকিৎসার জন্য প্রতিদিন অসংখ্য রোগীকে রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় যেতে হচ্ছে। এতে বাড়ছে চিকিৎসা ব্যয় এবং অনেক ক্ষেত্রে রোগীদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে।
স্থানীয়দের ভাষ্য, কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পাওয়া, দীর্ঘসূত্রতা ও অনিয়মের কারণে হাসপাতালের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। তাদের দাবি, জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, অপারেশন থিয়েটারের সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি ও অনিয়ম দমন এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক।
জেলার সচেতন মহলের প্রত্যাশা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মতো কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সমস্যাগুলোরও দ্রুত সমাধান করা হবে। তাদের মতে, উন্নত চিকিৎসা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
কুড়িগ্রামবাসীর আহ্বান, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির হস্তক্ষেপে কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও জনবান্ধব চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হোক।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com